স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে, তখনই মানুষের প্রাণ দিতে হয়েছে। তিনি বলেন, জুলাইয়ের চেতনা ও মূল্যবোধ ধারণ করে পরিবর্তনের পথে এগোতে না পারলে আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন হবে না।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর ডিএফপি অডিটোরিয়ামে জুলাই শহিদ দিবস উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “এ দেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে, তখনই প্রাণ দিতে হয়েছে।” তিনি উল্লেখ করেন, জুলাইয়ের আত্মত্যাগকে অর্থবহ করতে হলে সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, জুলাইয়ের মূল্যবোধ বাস্তবায়নের চেষ্টা না করলে সন্তানহারা মায়েদের অশ্রু বৃথা যাবে। তাই সবাইকে পরিবর্তনের আদর্শ ধারণ করে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে পরিবর্তনের পথে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তাঁর উদ্যোগগুলো সফল করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, সমাজের প্রতিটি মানুষের মধ্যে পরিবর্তনের মানসিকতা গড়ে উঠলে তবেই জুলাইয়ের আন্দোলনের সফলতা বাস্তবে প্রতিফলিত হবে।