এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কাল শুরু

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক এই কর্মসূচি সোমবার থেকে দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

শনিবার রাজধানীর বাংলামটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম। এ সময় দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।

সারজিস আলম জানান, সোমবার গাজীপুরের কালীগঞ্জ থেকে আনুষ্ঠানিকভাবে পদযাত্রার উদ্বোধন হবে। এতে দলের আহ্বায়ক, সদস্য সচিব ও শীর্ষ নেতারা অংশ নেবেন। এরপর ৭ জুলাই কক্সবাজারের উখিয়া থেকে দক্ষিণাঞ্চলের কর্মসূচি শুরু হবে।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে ১০০টি উপজেলা ও পৌরসভায় দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। এসব এলাকাতেই পদযাত্রা অনুষ্ঠিত হবে। কর্মসূচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি স্থানীয় মানুষের সমস্যা ও মতামত সংগ্রহ করা হবে।

এনসিপির দাবি, এই পদযাত্রা স্থানীয় পর্যায়ে সংগঠনের ভিত্তি শক্তিশালী করবে, সম্ভাব্য প্রার্থীদের পরিচিতি বাড়াবে এবং সাংগঠনিক সক্ষমতা মূল্যায়নে সহায়ক হবে।

কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৫ জুলাই কুড়িগ্রামে কৃষক সমাবেশের মাধ্যমে দলের সহযোগী সংগঠন ‘জাতীয় কৃষক শক্তি’র আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া ১৬ জুলাই রংপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও দোয়া-মোনাজাতে অংশ নেবেন দলের নেতারা।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত