আয়কর নথি অডিটের নামে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে একটি প্রতারকচক্র। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে করদাতাদের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, সম্প্রতি কিছু ব্যক্তি নিজেদের এনবিআরের কর্মকর্তা পরিচয় দিয়ে করদাতাদের সঙ্গে যোগাযোগ করছে। তারা দাবি করছে, সংশ্লিষ্ট করদাতার আয়কর নথি অডিটের জন্য নির্বাচিত হয়েছে। পরে অডিট থেকে অব্যাহতি দেওয়ার প্রলোভন কিংবা আইনি জটিলতার ভয় দেখিয়ে অর্থ দাবি করা হচ্ছে।
এনবিআর স্পষ্টভাবে জানিয়েছে, কর নথি অডিট সংক্রান্ত বিষয়ে কোনো কর্মকর্তা ব্যক্তিগত মোবাইল নম্বর বা অননুমোদিত মাধ্যমে যোগাযোগ করেন না। কোনো করদাতার নথি অডিটের জন্য নির্বাচিত হলে আইন অনুযায়ী শুধুমাত্র আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমেই তা জানানো হয়।
সংস্থাটি আরও জানায়, কর-সংক্রান্ত সব ধরনের অর্থ সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা বা ব্যক্তি বিকাশ, নগদ, রকেট কিংবা ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ গ্রহণের বৈধতা রাখেন না।
এ ধরনের ফোনকল, এসএমএস বা ই-মেইল পেলে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপকর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছে এনবিআর।
পাশাপাশি কেউ এনবিআরের পরিচয় দিয়ে অর্থ দাবি করলে কোনো ধরনের লেনদেন না করে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানাতে এবং ব্যবহৃত ফোন নম্বর সংরক্ষণ রাখার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
এনবিআর বলেছে, করদাতাদের হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তাই প্রতারণার ফাঁদে পা না দিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।