আইনি জটিলতার মধ্যেই ১২০০ কোটি টাকার সিনেমা প্রকল্পে রাজপাল যাদব

বিনোদন ডেস্ক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আইনি ও আর্থিক নানা জটিলতার মধ্যেই নতুন বড় একটি সিনেমা প্রকল্পে যুক্ত হয়েছেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। ‘দ্য কিং অব ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড’ নামের দীর্ঘমেয়াদি এই প্রকল্পে মোট ১২টি অধ্যায় থাকবে, যেগুলো আলাদা সিনেমা হিসেবে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। সব মিলিয়ে ছবিগুলোর বাজেট প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা।

প্রকল্পটির সঙ্গে ফক্স স্টুডিও যুক্ত রয়েছে। পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালে এর শুটিং শুরু হবে এবং পরবর্তী ১০ বছরেরও বেশি সময় ধরে ধাপে ধাপে সিনেমাগুলো মুক্তি দেওয়ার কথা। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে রাজপাল যাদবকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এই কাজের খবর জানিয়ে রাজপাল যাদব বলেন, একজন শিল্পী হিসেবে তিনি সবসময় অর্থবহ কাজ করতে চান। ‘দ্য কিং অব ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড’-এর ১২টি অধ্যায়কে তিনি সিনেমার প্রতি ভালোবাসা দর্শক ও মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি বড় সুযোগ হিসেবে দেখছেন।

তবে নতুন এই প্রকল্পের খবর এমন সময়ে এসেছে, যখন চেক বাউন্স মামলা ও ঋণসংক্রান্ত জটিলতায় আইনি চাপে রয়েছেন অভিনেতা। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রায় ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় তাঁকে তিহার কারাগারে আত্মসমর্পণ করতে হয়েছিল। পরে দিল্লি হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিনে মুক্তি পান তিনি।

গত ১০ জুলাই দিল্লি হাইকোর্ট সাতটি চেক বাউন্স মামলায় তাঁর দোষী সাব্যস্ত হওয়ার রায় বহাল রাখেন। তবে প্রতিটি মামলায় সাজা কমিয়ে তিন মাস করা হয়। সাজাগুলো একই সঙ্গে চলবে এবং প্রতিটি মামলায় ১ কোটি ৫ লাখ টাকা করে জরিমানার নির্দেশ দেওয়া হয়।

এদিকে প্রায় ১৬ কোটি ৬১ লাখ টাকার ব্যাংকঋণ পরিশোধ না করায় উত্তর প্রদেশের শাহজাহানপুরে রাজপালের দুটি পৈতৃক সম্পত্তি নিলামে তোলার প্রক্রিয়াও শুরু হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর নিলামের দিন নির্ধারণ করা হয়েছে।

এসব জটিলতার মধ্যেও অভিনয় চালিয়ে যাচ্ছেন রাজপাল। ‘মালামাল উইকলি ২’ ছবিতেও তাঁকে দেখা যাওয়ার কথা রয়েছে। রিতেশ দেশমুখ, পরেশ রাওয়াল ও এলভিশ যাদবের সঙ্গে ছবিটিতে অভিনয় করবেন তিনি।

দুই দশকের বেশি সময় ধরে বলিউডে কৌতুকাভিনেতা হিসেবে পরিচিতি পাওয়া রাজপাল যাদব ‘চুপ চুপ কে’, ‘ঢোল’, ‘মালামাল উইকলি’, ‘ফির হেরা ফেরি’ ও ‘ভুল ভুলাইয়া’র মতো সিনেমায় অভিনয় করে দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছেন। নতুন ১২ ছবির এই দীর্ঘমেয়াদি প্রকল্প তাঁর ক্যারিয়ারে নতুন মোড় আনতে পারে কি না, এখন সেটিই দেখার বিষয়।

এলাকার খবর

সম্পর্কিত