চলতি আগস্ট মাসের শেষ দিকে প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। এটিএম কার্ডের মতো ব্যবহারযোগ্য এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা ব্যাংকিং লেনদেনের পাশাপাশি দেশে ফিরে বিভিন্ন সরকারি সেবা গ্রহণের সুবিধা পাবেন।
বুধবার দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
নুরুল হক নুর বলেন, প্রবাসী কার্ডের মাধ্যমে ব্যাংকিং লেনদেনের সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি দেশে ফেরার পর বিভিন্ন সমস্যা সমাধান এবং সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রেও কার্ডটি কাজে লাগবে। এমনকি সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে কার্ডধারী প্রবাসীরা অগ্রাধিকার সুবিধা পাবেন।
তিনি বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। প্রবাসী কার্ড চালু হলে দেশে ও বিদেশে থাকা প্রবাসীদের জন্য বিভিন্ন সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ হবে।
আলোচনা সভায় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান। এছাড়া গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন ও মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুহাম্মদ রাজু। পরে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক অনুদান ও সম্মাননা স্মারক দেওয়া হয়।