কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে আনা হবে: শামা ওবায়েদ

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের কলকাতার নিউমার্কেট এলাকায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি নাগরিকদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মধ্যে এখন পর্যন্ত পাঁচজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তাঁদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য।

নিহতদের মধ্যে রয়েছেন সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী আফসানা শারমীন, তাঁদের আড়াই বছরের ছেলে শর্ণশিষ দত্ত এবং দেবাশীষের শ্বশুর আকরাম আলী। নিহত অপর বাংলাদেশি আহমেদ বাবু সাভারের আমিনবাজারের বেগুনবাড়ি এলাকার বাসিন্দা।

শামা ওবায়েদ বলেন, নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে প্রয়োজন হলে মরদেহ দেশে আনার যাবতীয় খরচ সরকার বহন করবে বলেও জানান তিনি।

এর আগে কলকাতার নিউমার্কেট এলাকার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মোট নয়জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, তাঁদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক।

অগ্নিকাণ্ডের পর কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের পক্ষ থেকে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। একই ঘটনায় আহত ছয় বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এলাকার খবর

সম্পর্কিত