ময়মনসিংহ নগরের ৩৬ বাড়ি কলোনি এলাকার একটি ভাড়া বাসা থেকে রাজিব আহম্মেদ ওরফে রুবেল (৪০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ঘটনার আগে নিহতের চাচাতো ভাইয়ের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর বাসার ভেতরে গলা কাটা অবস্থায় রাজিবের মরদেহ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে রাজিব ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে ওঠেন এবং কয়েকজন বন্ধুর সঙ্গে সেখানে বসবাস করতেন। ঘটনার সময় তিনি নিজ কক্ষেই ছিলেন।
নিহতের স্ত্রী জানান, তাদের দাম্পত্য সম্পর্ক ভালো ছিল না এবং তিনি সন্তানদের নিয়ে বাবার বাড়িতে থাকতেন। তাঁর দাবি, সম্প্রতি রাজিবের বাসার মালিকের সঙ্গে বিরোধ চলছিল। তবে হত্যার কারণ সম্পর্কে তিনি কিছু জানেন না।
নিহতের স্বজনরা অভিযোগ করেন, ঘটনার পর বাড়ির মালিক ও বাসার অন্য বাসিন্দাদের কাউকে পাওয়া যায়নি। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রনি ও সজল নামে দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে।
ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।