আগামী আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে সরকার। এছাড়া নির্বাচন শুরু হওয়ার পর ১০ থেকে ১২ মাসের মধ্যে স্থানীয় সরকারের সব পর্যায়ের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান।
সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
জাহেদ উর রহমান জানান, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) একটি প্রাথমিক রোডম্যাপ প্রস্তুত করেছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং সিটি করপোরেশন নির্বাচনের জন্য পৃথক পরিকল্পনা তৈরি করা হয়েছে। চলতি জুলাই মাসের শেষ দিকে এসব রোডম্যাপ চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে।
তিনি বলেন, আগস্টের দ্বিতীয়ার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। এরপর ধাপে ধাপে স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচন অনুষ্ঠিত হবে এবং পুরো প্রক্রিয়া শেষ করতে সময় লাগতে পারে ১০ থেকে ১২ মাস।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আগামী ৫ আগস্টের আগেই জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে।
এর আগে সোমবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছিলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে অক্টোবরকে সামনে রেখে প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। একইদিন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রাক্-প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।