দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংঘাত ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সংলাপ, সহনশীলতা এবং অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ।
রোববার সকালে রাজধানীর গুলশানে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত প্রেসিডিয়াম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, দেশের বৃহত্তর স্বার্থে সব রাজনৈতিক দলকে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে এগিয়ে আসতে হবে। নির্বাচন ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো রাজনৈতিক শক্তিকে অযথা বাইরে না রেখে সবার অংশগ্রহণ নিশ্চিত করেই একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রতিশোধের রাজনীতির ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্যের যে আহ্বান জানিয়েছেন, তা দেশের রাজনীতির জন্য ইতিবাচক বার্তা বহন করে।
সভার শুরুতে স্বাগত বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টি সব সময় গণতন্ত্র, সাংবিধানিক ধারাবাহিকতা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতির পক্ষে অবস্থান নিয়েছে। তাঁর মতে, দেশের মানুষ এখন সংঘাত নয়, বরং কার্যকর গণতন্ত্র, সুশাসন, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জনকল্যাণমুখী রাজনীতি প্রত্যাশা করে।
তিনি জানান, আগামী ১৪ জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি জেলা, মহানগর, উপজেলা এবং সব সাংগঠনিক ইউনিটে বিভিন্ন কর্মসূচি আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে এরশাদের রাজনৈতিক অবদান ও রাষ্ট্র পরিচালনায় তাঁর ভূমিকা তুলে ধরতে দলীয় নেতা-কর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
প্রেসিডিয়াম সভায় দলের নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন, সাহিদুর রহমান, মোস্তফা আল মাহমুদসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
সভায় বক্তারা দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার, নতুন সদস্য সংগ্রহ, তরুণ নেতৃত্বের বিকাশ এবং জনসম্পৃক্ত রাজনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।