গণভোটে ‘হ্যাঁ’-এর বিজয় হলে বাংলাদেশই প্রকৃত অর্থে জিতে যাবে- এমন আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার রাতে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জিতে গেলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ সুগম হবে। এর মাধ্যমে অতীতের নির্যাতন ও নিপীড়নের অবসান ঘটবে এবং এসব ঘটনার ন্যায়সংগত বিচার নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, ‘হ্যাঁ’-এর বিজয় হলে শহীদ শরিফ ওসমান হাদির পরিবার ন্যায়বিচার পাবে এবং রাষ্ট্রে জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হবে।
জামায়াত আমির বলেন, “আমরা সমাজের প্রতিটি স্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই। আমরা তরুণদের হাতে ক্ষমতা তুলে দিতে চাই। যুবকদের বেকার ভাতা দেওয়ার সংস্কৃতিতে আমরা বিশ্বাস করি না; বরং তাদের হাতে কাজ তুলে দিতে চাই।”
তিনি বলেন, একটি ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’-এর বিজয়ের কোনো বিকল্প নেই।