ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কেন্দ্রে পৌঁছাচ্ছে ব্যালট

সহযাত্রী ডেস্ক:
কেন্দ্রে পৌঁছাচ্ছে ব্যালট ছবি:
কেন্দ্রে পৌঁছাচ্ছে ব্যালট ছবি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের বিভিন্ন কেন্দ্রে ব্যালট পৌঁছাতে শুরু করেছে। আজ বুধবার রাতের মধ্যেই ঢাকার বাইরের ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার ও ব্যালট বক্সসহ ভোটগ্রহণের প্রয়োজনীয় সব সরঞ্জাম পৌঁছে যাবে বলে জানা গেছে। আর ঢাকাসহ বড় শহরগুলোয় ব্যালট বক্স পৌঁছে যাবে আজ সন্ধ্যার মধ্যেই।

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামীকাল ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট দেবেন। এর মধ্যে একটি সাদা ব্যালট পেপার সংসদ সদস্য নির্বাচনের জন্য নির্ধারিত থাকবে। অন্যদিকে গোলাপি রঙের ব্যালট পেপারটি হবে গণভোটের জন্য।

সংসদ নির্বাচন ও গণভোটের দিন সারা দেশে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে গতকাল মঙ্গলবার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বলেন, নির্বাচন উপলক্ষে কেন্দ্র, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স—এই তিনটি স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, “যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, নির্বাচনকে বাধাগ্রস্ত করার শক্তি কারও নেই। কোথাও একটি ক্রাইম হতে পারে, ডাকাতি হতে পারে, খুন হয়ে যেতে পারে। কিন্তু ইলেকশন বাধাগ্রস্ত করতে পারবে না।”

এছাড়া আইজিপি জানান, এবারের নির্বাচনে প্রাথমিকভাবে সারা দেশে আট হাজার ৭৭০টি ভোটকেন্দ্রকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি মধ্যম ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ১৬ হাজার বলে উল্লেখ করেন তিনি।

এলাকার খবর

সম্পর্কিত