প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করতে কাজ করছে। তিনি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে নতুন বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় নীতি, আইনি সুরক্ষা ও প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করছে।
মূল সংবাদ:
বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) আয়োজিত এফডিআই সম্মেলন-২০২৬–এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি জানান, নবায়নযোগ্য জ্বালানি, ওষুধশিল্প, ইলেকট্রনিক্স, ডিজিটাল সেবা, কৃষি-প্রক্রিয়াজাতকরণ, উন্নত বস্ত্রশিল্প, স্বাস্থ্যসেবা ও লজিস্টিকস খাতকে বিশেষ অগ্রাধিকার দিয়ে বাজেটে বিভিন্ন প্রণোদনা রাখা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে একটি বৈশ্বিক উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে। একই সঙ্গে তৈরি পোশাক খাতের বহুমুখীকরণ এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে।
তিনি বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, বাংলাদেশে বিনিয়োগ করলে সরকার নীতিগত সহায়তা, প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করবে। এটিকে শুধু প্রতিশ্রুতি নয়, সরকারের সুস্পষ্ট অঙ্গীকার বলেও উল্লেখ করেন তিনি।
তারেক রহমান বলেন, বাংলাদেশের সামনে কিছু চ্যালেঞ্জ থাকলেও দ্রুত সম্প্রসারিত অভ্যন্তরীণ বাজার, তরুণ জনশক্তি, কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং নির্বাচিত সরকারের স্থিতিশীলতা দেশের বড় শক্তি। এসব সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব।
তিনি আরও বলেন, বিনিয়োগকারীদের মতামতের ভিত্তিতে সরকার আইনি ও নিয়ন্ত্রক কাঠামো আধুনিকায়ন, বিনিয়োগ সুরক্ষা জোরদার, বিরোধ দ্রুত নিষ্পত্তি, কর ও ভ্যাট ব্যবস্থা সহজীকরণ এবং মুনাফা দেশে ফেরত নেওয়ার প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নিয়েছে।
এ ছাড়া পুঁজিবাজার শক্তিশালী করা, স্টার্টআপে সহায়তা, লালফিতার দৌরাত্ম্য কমানো, সরকারি সেবার ডিজিটালাইজেশন এবং বন্দর, লজিস্টিকস ও জ্বালানি অবকাঠামো উন্নয়নেও সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ শুধু বিনিয়োগ আকর্ষণের ওপর নয়, বরং দীর্ঘমেয়াদি ও বিশ্বাসযোগ্য অংশীদারিত্বের ওপর নির্ভরশীল। তাই আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার অংশ হওয়ার আহ্বান জানান তিনি।
সম্মেলনে প্রায় ৬০০ দেশি-বিদেশি প্রতিনিধি অংশ নেন। উপস্থিত ছিলেন সরকারের নীতিনির্ধারক, কূটনীতিক, উন্নয়ন সহযোগী, বহুজাতিক প্রতিষ্ঠানের নির্বাহী, বিনিয়োগকারী ও ব্যবসায়ী নেতারা।
অনুষ্ঠানে এফআইসিসিআই সভাপতি রুপালী হক চৌধুরী স্বাগত বক্তব্য দেন। এ সময় ‘ফিকি এফডিআই রিপোর্ট’ উন্মোচন করা হয়, যেখানে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়নে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়। সম্মেলনের আগে প্রধানমন্ত্রী ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।