২০৩০ সালের মধ্যে গ্যাসের ঘাটতি শূন্যে নামানোর লক্ষ্য: জ্বালানি প্রতিমন্ত্রী

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে দেশে গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে বাণিজ্যিকভাবে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ২০৩০ সালের মধ্যে ১৫০টি কূপ খননের পরিকল্পনা নিয়েছে। এরই মধ্যে ২৯টি কূপ খনন করা হয়েছে। এর অংশ হিসেবে তিতাস-২৮ নম্বর কূপ থেকে দৈনিক ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।

তিনি বলেন, গ্যাসের উৎপাদন বাড়াতে নেওয়া এসব উদ্যোগ চাহিদা পূরণে ভূমিকা রাখবে। উৎপাদন বৃদ্ধির মাধ্যমে ২০৩০ সালের মধ্যে গ্যাসের চাহিদা ও সরবরাহের ব্যবধান শূন্যে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে।

তিতাস-২৮ নম্বর কূপের খননকাজ গত বছরের ১৫ ডিসেম্বর সুহিলপুর এলাকায় শুরু হয় এবং গত ২৭ মে শেষ হয়। এরপর ১৯ জুন থেকে পরীক্ষামূলকভাবে কূপটি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করা হয়। ইতোমধ্যে কূপটি থেকে প্রায় ২০০ কোটি টাকা মূল্যের গ্যাস সরবরাহ করা হয়েছে বলে জানানো হয়েছে।

কূপটির প্রকল্প পরিচালক জসিম উদ্দিন মুন্না জানান, তিতাস-২৮ কূপের ওয়েলহেড শাট-ইন প্রেসার ৩ হাজার ৬০০ পিএসআই এবং ফ্লোয়িং প্রেসার ২ হাজার ১০০ পিএসআই। দীর্ঘ সময় কূপটি থেকে গ্যাস উত্তোলন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সিসিডিসি’ কূপটি খনন করেছে। ৩ হাজার ৬০১ মিটার গভীরতার এই কূপ থেকে প্রতিদিন আনুমানিক ১২ থেকে ১৩ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। এর মধ্যে বর্তমানে দৈনিক ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে।

কূপটি খননে মূসক ও আয়করসহ মোট ব্যয় হয়েছে প্রায় ২০০ কোটি টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মো. জিয়াউল হক, বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল প্রামানিক, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ, শাহ মো. আব্দুর রউফ, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:

গ্যাস সংকট
এলাকার খবর

সম্পর্কিত