পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পেছনে দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলনের ভিত্তি ছিল বিএনপির। তাঁর দাবি, টানা ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতাই অভ্যুত্থানের পথ তৈরি করে দিয়েছে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয়, ঐক্য’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ‘আমরা বাংলাদেশী’ নামে একটি সংগঠন।
শহীদউদ্দীন চৌধুরী বলেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে বিভিন্ন পক্ষের বক্তব্য থাকলেও দীর্ঘ আন্দোলনের ইতিহাস অস্বীকার করার সুযোগ নেই। তাঁর ভাষায়, একটি গণঅভ্যুত্থান হঠাৎ করে তৈরি হয় না; এর জন্য দীর্ঘ সময় ধরে রাজনৈতিক ভিত্তি গড়ে তুলতে হয়, আর সেই ভিত্তি বিএনপির আন্দোলনের মধ্য দিয়েই তৈরি হয়েছে।
তিনি বলেন, গত ১৭ বছরে বিএনপি যুগপৎ আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সরকারবিরোধী আন্দোলন চালিয়ে এসেছে। তাই জুলাই গণঅভ্যুত্থানের পেছনে বিএনপির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
বিরোধী রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে মন্ত্রী বলেন, নির্বাচনের পর বিভিন্ন বক্তব্য ও অবস্থানের কারণে রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, নির্বাচনের কিছু আসনে একাধিক প্রার্থী ও প্রবাসী ভোটের প্রভাবের কারণে বিএনপি প্রত্যাশিত ফল পায়নি।
সরকারের পাঁচ মাসের কার্যক্রম প্রসঙ্গে শহীদউদ্দীন চৌধুরী বলেন, দীর্ঘদিনের অনিয়ম ও অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে সময় লাগবে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করছেন এবং সবার সহযোগিতা পেলে দেশের পরিস্থিতির উন্নতি সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, আগের সরকারের সময় দুর্নীতি ও লুটপাটের কারণে নানা খাতে সংকট তৈরি হয়েছে। সেই পরিস্থিতি কাটিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার নতুন পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়নে কাজ করছে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মহিউদ্দীন ইকরামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা বাংলাদেশী’-এর সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা।