হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ, আহত সারজিস আলমসহ কয়েকজন

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, আহত সারজিস আলমসহ অনেকে

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। দলটির দাবি, মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ সদর এলাকায় পদযাত্রা কর্মসূচি শেষে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় তাদের বহরে অতর্কিত হামলা চালানো হয়। এতে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

এনসিপির অভিযোগ, হামলায় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় এবং নেতাকর্মীদের মারধর করা হয়। হামলার জন্য তারা ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছে।

রাত পৌনে ৮টার দিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় দাবি করেন, জুলাই পদযাত্রা কর্মসূচি শেষ করে ফেরার পথে দেশীয় অস্ত্র নিয়ে একদল হামলাকারী তাদের ওপর পরিকল্পিত হামলা চালায়।

তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাবের সদস্যরা উপস্থিত থাকলেও তারা কার্যকর কোনো পদক্ষেপ নেননি। তাঁর দাবি, হামলাকারীরা এনসিপির মিডিয়া টিমের ক্যামেরাসহ মূল্যবান সরঞ্জাম ছিনিয়ে নেয় এবং চালক ও গণমাধ্যমকর্মীদের ওপরও হামলা চালায়।

নাসীরুদ্দীন পাটওয়ারীর ভাষ্য অনুযায়ী, হামলায় সারজিস আলম ছাড়াও স্থানীয় কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। কারও হাত ও পা ভেঙে গেছে বলেও তিনি দাবি করেন।

এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এনসিপি। দলটি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, রাজনৈতিক সহিংসতা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হামলার অভিযোগের বিষয়ে ছাত্রদল বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত