জাপানে ১৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প -- ধসে পড়া বিপণিবিতানে আটকা বহু মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
| ফটো কার্ড
 ছবি: The Guardian
ছবি: The Guardian

জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়া বিপণিবিতানে আটকা বহু মানুষ

জাপানের দক্ষিণাঞ্চলের কুমামোতো এলাকায় মঙ্গলবার ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বহু মানুষ আহত হয়েছেন এবং একটি ধসে পড়া বিপণিবিতানের ধ্বংসস্তূপে বেশ কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে উদ্ধারকারী দল।

জাপানের আবহাওয়া দপ্তর জানায়, স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে কিউশু দ্বীপের কুমামোতো অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এটি গত ১৫ বছরের মধ্যে দেশটিতে অনুভূত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি।

ভূমিকম্পের তীব্র কম্পনে কুমামোতোর একটি ইয়ন বিপণিবিতানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে ভবনটির দ্বিতীয় তলার একাংশ ধসে পড়ে। উদ্ধারকারীরা আশঙ্কা করছেন, ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা রয়েছেন। নিহতের ঘটনাও ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, ধসে পড়া ভবনের অংশ এবং ভাঙা কাচের আঘাতে অনেক মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভূমিকম্পের পরপরই প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জরুরি সংবাদ সম্মেলন করে বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের জীবন রক্ষা করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, আগামী কয়েক দিন শক্তিশালী পরাঘাত (আফটারশক) হতে পারে।

প্রাথমিকভাবে কুমামোতো, নাগাসাকিসহ কয়েকটি উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হলেও পরে সাগরের পানিতে উল্লেখযোগ্য পরিবর্তন না পাওয়ায় প্রায় দুই ঘণ্টা পর সেই সতর্কতা প্রত্যাহার করা হয়।

ভূমিকম্পে কিউশু অঞ্চলের অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৪০ হাজার পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বুলেট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। ফলে সেখানে নিয়মিত ছোট-বড় ভূমিকম্প অনুভূত হয়।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত