পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীর (এজেকে) আইনসভা নির্বাচনের প্রথম ধাপে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) বা পিএমএল-এন। অনানুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে, ভোট হওয়া ১৩টি আসনের মধ্যে দলটি ৯টিতে জয় পেয়েছে। বাকি চারটি আসনে বিজয়ী হয়েছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।
সোমবার মিরপুর, কোটলি ও ভিম্বর জেলার ১৩টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল ৫টায় ভোট শেষ হওয়ার পরপরই গণনা শুরু হয়।
প্রাথমিক ফলাফল অনুযায়ী, পিএমএল-এন মিরপুরের দুটি, ভিম্বরের তিনটি এবং কোটলির চারটি আসনে জয় পেয়েছে। অন্যদিকে পিপিপি মিরপুরের দুটি এবং কোটলির দুটি আসনে বিজয়ী হয়েছে।
ফলাফল প্রকাশের পর পিএমএল-এনের রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিল।
তবে ভোটের দিন দুটি সহিংস ঘটনার কথা উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, একটি ঘটনায় পারিবারিক বিরোধের জেরে গুলির ঘটনা ঘটে। অন্য ঘটনাটি ঘটে নাকিয়াল এলাকায়, যেখানে একজন নিহত হন। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
রানা সানাউল্লাহ আরও অভিযোগ করেন, ভিম্বরের একটি আসনে এক প্রার্থী ভোটকেন্দ্রে গিয়ে ব্যালট বাক্স সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
বিচ্ছিন্ন এসব ঘটনা ছাড়া নির্বাচন সামগ্রিকভাবে অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেন পিএমএল-এনের এই নেতা।