স্থানীয় সরকার শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: BSS
ছবি: BSS

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দেশের গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা তখনই শক্তিশালী হয়, যখন স্থানীয় সরকার ব্যবস্থা কার্যকর ও ক্ষমতাবান হয়। তিনি বলেন, তৃণমূলের জনপ্রতিনিধিদের ক্ষমতায়নের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং গণতন্ত্রের ভিত্তি আরও সুদৃঢ় করা সম্ভব।

বুধবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি পয়গাম আলী। বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।

মির্জা ফখরুল বলেন, উন্নত দেশগুলোতে স্থানীয় সরকার প্রশাসন, বিচার, স্বাস্থ্যসেবা ও জনসেবার মূল ভিত্তি হিসেবে কাজ করে। কিন্তু বাংলাদেশে স্থানীয় সরকারকে এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে শক্তিশালী করা সম্ভব হয়নি। তিনি বলেন, জনগণের সবচেয়ে কাছের জনপ্রতিনিধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা। তাই দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে স্থানীয় সরকারকে আরও কার্যকর ও ক্ষমতাবান করতে হবে।

তিনি আরও বলেন, স্বৈরাচারী শাসন থেকে বেরিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনর্গঠনের নতুন সুযোগ তৈরি হয়েছে। অতীতের শাসনামলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছিল উল্লেখ করে তিনি বলেন, শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ভাতা সম্মানজনক পর্যায়ে উন্নীত করার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি। পাশাপাশি জনপ্রতিনিধিদের কল্যাণে ট্রাস্ট ও তহবিল গঠনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ইউনিয়ন পরিষদসহ আগামী সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে এবং জনগণের ভোটেই জনপ্রতিনিধিরা নির্বাচিত হবেন।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেন, তৃণমূলের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং দুর্যোগ মোকাবিলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত