যন্তর মন্তরের আন্দোলনকারীদের জন্য দেশ-বিদেশ থেকে অনলাইনে পাঠানো হচ্ছে খাবার, কারা পাঠাচ্ছেন?

আন্তর্জাতিক ডেস্ক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তরে চলমান ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনে দেশ-বিদেশ থেকে নানা উপায়ে সমর্থন জানানো হচ্ছে। অনেকেই সুইগি, জোম্যাটো ও অন্যান্য অনলাইন ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য খাবার ও পানীয় পাঠাচ্ছেন।

ভারতের বার্তা সংস্থা এএনআইকে সুইগির ডেলিভারি কর্মী প্রদীপ কুমার সিং জানান, যন্তর মন্তর এখন এমন অর্ডারের নিয়মিত গন্তব্যে পরিণত হয়েছে। তাঁর ভাষায়, গ্রাহকেরা খাবারের অর্ডার দিয়ে বলেন, ‘যাঁদের প্রয়োজন, তাঁদের মধ্যে বিতরণ করে দিন।’ তিনি জানান, একবার তাঁকে সমুচার একটি অর্ডার এনে আন্দোলনকারীদের মধ্যে বিলিয়ে দিতে বলা হয়েছিল, সেখানে কেউ খাবার গ্রহণ করতে আলাদাভাবে আসেননি।

শুধু ভারত থেকেই নয়, বিদেশ থেকেও আন্দোলনকারীদের জন্য খাবার ও পানীয় পাঠানো হচ্ছে। আরেক ডেলিভারি কর্মী মহেন্দ্র কুমার জানান, তিনি বিদেশে থাকা এক গ্রাহকের পাঠানো চায়ের অর্ডার যন্তর মন্তরে পৌঁছে দিয়েছেন। তবে কে অর্ডার করেছেন, সে বিষয়ে তিনি কিছু জানেন না। তাঁকে শুধু বলা হয়েছিল, আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে চা পৌঁছে দিতে।

জোম্যাটো ও জেপ্টোর আরেক ডেলিভারি কর্মী জানান, প্রেরকের পরিচয় গোপন রাখা হলেও তাঁকে নির্দেশ দেওয়া হয়েছিল সব খাবার আন্দোলনকারীদের মধ্যে বিতরণ করে দিতে। তিনি এ উদ্যোগকে ‘স্টুডেন্ট সার্ভিস’ হিসেবে উল্লেখ করেন।

এদিকে আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে দিল্লি পুলিশ এখন পর্যন্ত ১০টি এফআইআর দায়ের করেছে। পুলিশের তথ্য অনুযায়ী, পার্লামেন্ট স্ট্রিট থানায় চারটি, কনট প্লেস থানায় তিনটি এবং মন্দির মার্গ, বারাখাম্বা রোড ও কর্তব্য পথ থানায় একটি করে মামলা হয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত