ইউপি চেয়ারম্যান পদে স্নাতক শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণের নির্দেশনা কেন দেওয়া হবে না এবং এ বিষয়ে কোনো যোগ্যতা নির্ধারণ না থাকা ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ২৬ ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর করা এক রিট আবেদনের শুনানি শেষে এ রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিব, আইন সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিট আবেদনকারী আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান বলেন, একজন ইউপি চেয়ারম্যানকে গ্রাম আদালত পরিচালনাসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। গ্রাম আদালতে তিন লাখ টাকা পর্যন্ত মূল্যের মামলা নিষ্পত্তির ক্ষমতাও চেয়ারম্যানের রয়েছে। অথচ একই ধরনের বিচারিক ক্ষমতা প্রয়োগকারী একজন ম্যাজিস্ট্রেটকে স্নাতক সম্পন্ন করে বিজেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, কিন্তু ইউপি চেয়ারম্যানের ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত নেই।

তিনি জানান, এ কারণেই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ২৬ ধারা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। রিটে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের জন্য ন্যূনতম স্নাতক শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করার নির্দেশনা চাওয়া হয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত