স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) আইন ও বিধিমালায় একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনীর প্রস্তাব চূড়ান্ত করেছে। প্রস্তাব অনুযায়ী, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। পাশাপাশি দ্বৈত নাগরিক, ঋণখেলাপির জামিনদার, ইউটিলিটি বিলখেলাপি প্রতিষ্ঠানের কর্ণধার এবং লাভজনক পদে থাকা ব্যক্তিদেরও নির্বাচনে অযোগ্য করার সুপারিশ করা হয়েছে।
এছাড়া স্থানীয় সরকার আইনে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে ইসি। সরকার অনুমোদন দিলে প্রয়োজন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনেও সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী মোতায়েনের সুযোগ থাকবে।
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এসব প্রস্তাব দ্রুতই স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে। একই সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনী আচরণবিধি, এনআইডি সেবা সহজীকরণ, প্রবাসী ভোটার নিবন্ধন এবং এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এনআইডির ১৫ বছরের মেয়াদ শেষ হলে তা নবায়ন করতে হবে এবং প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়াও আরও সহজ করা হবে।