বাংলাদেশ সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ২৪ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং ৬৬ পদাতিক ডিভিশন রানার আপ হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) যশোর সেনানিবাসে সদর দপ্তর ৫৫ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়। শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। তিনি বিজয়ী দল ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
প্রতিযোগিতায় ল্যান্স কর্পোরাল মো. হোসেন আলী (১৯ পদাতিক ডিভিশন) শ্রেষ্ঠ খেলোয়াড় এবং এনসি(ই) শান্ত সাহেব (৫৫ পদাতিক ডিভিশন) শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় নির্বাচিত হন।
গত ২২ আগস্ট শুরু হওয়া এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি দল অংশ নেয়। কয়েক দিনের প্রতিদ্বন্দ্বিতার পর ২৪ পদাতিক ডিভিশন শিরোপা অর্জন করে।
অনুষ্ঠানে ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডারসহ সেনাসদর ও যশোর এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড় ও বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।