পদ্মার শাখা নদীতে গোসল করতে নেমে ৫ শিশুর মৃত্যু

রাজশাহী নিউজ ডেস্ক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের চর চাকলা গ্রামে পদ্মার একটি শাখা নদীতে গোসল করতে নেমে পাঁচ মেয়েশিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত পাঁচ শিশু হলো—চর চাকলা গ্রামের মাসুদ রানার মেয়ে সুমাইয়া (৯) ও আবিদা (৭), নেজাম উদ্দিনের মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯) এবং শরীফুল ইসলামের মেয়ে শরীফা (৮)। তারা পরস্পরের মামাতো, ফুপাতো ও চাচাতো বোন।

স্বজনেরা জানান, শুক্রবার জুমার নামাজের সময় গ্রামের অধিকাংশ মানুষ মসজিদে ছিলেন। এই সুযোগে শিশুরা কাউকে না জানিয়ে স্থানীয়ভাবে ‘মরা নদী’ নামে পরিচিত পদ্মার শাখা নদীতে গোসল করতে নামে। পরে তাদের পানিতে ডুবে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে।

স্থানীয় লোকজন নদীতে নেমে শিশুদের উদ্ধারের চেষ্টা করেন। তবে একে একে পাঁচ শিশুকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।

দুই সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন খাতিজা। তাঁর কোলে এখন একমাত্র জীবিত সন্তান হুমাইরা। খাতিজার স্বামী নিজামুল হক রাজমিস্ত্রির কাজের জন্য বিদেশে থাকেন। মেয়েদের মৃত্যুর খবর পেলেও তাদের জানাজায় অংশ নিতে পারেননি তিনি।

খাতিজা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘হুমাইরা এখন আমার একমাত্র সন্তান। পেটের দায়ে তার বাবা বিদেশে। আমি সন্তানদের বাবাকে কী সান্ত্বনা দেব? আমার বড় দুই সন্তান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেল।’

নিজামুল হকের বাবা ওমর আলী পান্নাও নাতনিদের মৃত্যুতে ভেঙে পড়েছেন। তিনি বলেন, ছেলের দুই সন্তান মারা গেছে—এখন বিদেশে থাকা ছেলেকে কীভাবে এই শোকের খবর সামলাতে বলবেন, তা তিনি বুঝতে পারছেন না।

নিহত শিশুদের স্বজন তৌহিদ আলম জানান, ঘটনার সময় কেউ বুঝতে পারেনি শিশুরা কখন নদীতে নেমেছিল। পরে পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত সেখানে ছুটে যান।

দেবিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ গ ম সাহেদুল আলম বিশ্বাস পলাশ জানান, পাঁচ শিশুর মরদেহ দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নৌ পুলিশ নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন পাঁচ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেছেন। তিনি জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত শিশুদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে এবং প্রশাসন তাদের পাশে রয়েছে।

বিষয়:

পদ্মা
এলাকার খবর

সম্পর্কিত