একটি গাছ কাটলে লাগানো হবে ১০টি: ডেপুটি স্পিকার

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

একটি গাছ কাটা বা উপড়ে ফেলার প্রতিবাদ আরও বেশি গাছ লাগানোর মাধ্যমে করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, একটি গাছ নষ্ট করা হলে তার বিপরীতে ১০টি করে নতুন গাছ লাগানো হবে।

শুক্রবার দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বাবনী গ্রামে সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার জানান, গত ১ আগস্ট কলমাকান্দা ও দুর্গাপুরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রায় ১ হাজার ২০০ গাছের চারা রোপণ করেছিলেন। এর মধ্যে সম্প্রতি দুর্বৃত্তরা ৩৫ থেকে ৪০টি গাছ উপড়ে ফেলে। ঘটনার ৪৮ ঘণ্টা পার হলেও জড়িতদের শনাক্ত করতে না পারায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।

কায়সার কামাল বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গাছ উপড়ে ফেলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে উপড়ে ফেলা গাছগুলোর জায়গায় নতুন করে ১০০টি গাছ লাগানোর কথা জানান তিনি।

পরিবেশ রক্ষায় সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, একটি জেলায় মোট আয়তনের অন্তত ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। দেশের বিভিন্ন এলাকায় বনভূমির পরিমাণ গড়ে ১৬ থেকে ২০ শতাংশ হলেও নেত্রকোনায় তা দুই শতাংশেরও কম।

আগামী দুই থেকে তিন বছরের মধ্যে নেত্রকোনার বনভূমির পরিমাণ ৫ থেকে ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। এ জন্য স্থানীয় প্রশাসন, প্রেসক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সামাজিক আন্দোলন গড়ে তোলার পরামর্শ দেন ডেপুটি স্পিকার।

তিনি বলেন, বেশি বেশি গাছ লাগানোর মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা করা সম্ভব। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণকে শুধু কর্মসূচি হিসেবে নয়, বরং সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।

অনুষ্ঠানে নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, অতিরিক্ত জেলা প্রশাসক মুন মুন জাহান লিজা, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার সাব্বির হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত