পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। বুধবার সকালে ঢাকার সিআইডি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে সিআইডির প্রধান হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন। প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি সিআইডি, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশ সদর দপ্তর এবং দেশের বিভিন্ন রেঞ্জ ও জেলা পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা এবং সিআইডির বিভিন্ন ইউনিটেও দায়িত্ব পালন করেন।
শিক্ষাজীবনে তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। ফরেনসিক বিজ্ঞান, অপরাধ তদন্ত ও আধুনিক পুলিশিং বিষয়ে দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ ও আন্তর্জাতিক সম্মেলনেও অংশ নিয়েছেন তিনি।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা নবনিযুক্ত প্রধানকে শুভেচ্ছা জানান এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।