আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, গত ১৬ বছরে সাড়ে চার হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। একই সময়ে ৭০০–এর বেশি মানুষ গুম হয়েছেন এবং লাখো মানুষ রাজনৈতিক মামলার আসামি হয়েছেন বলেও তিনি দাবি করেন।
বুধবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের ত্রিবার্ষিক উৎসব ও জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, দীর্ঘদিনের গুম, খুন, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে জনগণের আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছে। তিনি দাবি করেন, বহু পরিবার এখনও তাদের নিখোঁজ স্বজনদের ফিরে পাওয়ার অপেক্ষায় দিন কাটাচ্ছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে বিপুলসংখ্যক মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছে। এমনকি মৃত ব্যক্তি কিংবা দেশের বাইরে অবস্থানরত ব্যক্তিদের বিরুদ্ধেও বিভিন্ন ফৌজদারি মামলায় আসামি করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন।
জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আইনমন্ত্রী বলেন, ২০২৪ সালের আন্দোলনে অল্প সময়ের মধ্যেই অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন এবং বহু মানুষ স্থায়ীভাবে আহত হয়েছেন। তাঁদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, নতুন বাংলাদেশ গঠনে শিল্প-সংস্কৃতির কর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে সাংস্কৃতিক আন্দোলনের গুরুত্ব রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের সভাপতি মেহেদী হাসান। এতে বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, শিরিন সুলতানা এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানের শেষে আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত আবৃত্তিশিল্পী, শিশু-কিশোর এবং সংস্কৃতিপ্রেমীরা অংশ নেন।