‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’—শেখ হাসিনাকে ইঙ্গিত করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, তিনি দেশে ফেরার ঘোষণা দিলে জনগণ রাজপথেই তার জবাব দেবে। একই সঙ্গে তিনি গণতন্ত্র, সুশাসন এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত বিভিন্ন ঘটনার জন্য দলটির অনুশোচনার কোনো লক্ষণ দেখা যায়নি। তিনি অভিযোগ করেন, খুন, গুম, অর্থ পাচার, নির্যাতনসহ বিভিন্ন ঘটনার বিষয়ে আওয়ামী লীগের কোনো আত্মসমালোচনা নেই।

নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ২৭ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন এবং এখন ৮২ বছর বয়সেও দেশের গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যেতে চান।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠনের একটি নতুন সুযোগ সৃষ্টি করেছে। এই সুযোগ কাজে লাগিয়ে গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে সব নাগরিক সমান অধিকার ও মর্যাদা ভোগ করবেন।

জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের প্রশ্নে সবাইকে দায়িত্বশীল ও সংযমী ভূমিকা পালন করতে হবে। তিনি বিভাজন, বিদ্বেষ এবং সংকীর্ণ স্বার্থ থেকে দূরে থেকে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান।

বক্তব্যের শেষদিকে তিনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশপ্রেম, সততা, পারস্পরিক শ্রদ্ধা এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত