আত্মসমর্পণের আগেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে পারে আইনশৃঙ্খলা বাহিনী: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে দেশে ফিরে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মসমর্পণের অধিকার সবারই রয়েছে। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে এবং প্রয়োজন মনে করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মসমর্পণের আগেই তাঁকে গ্রেপ্তার করতে পারে।
বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সঙ্গে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেলপ) সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মামলার জট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে সরকারি উদ্যোগের পাশাপাশি দীর্ঘদিন ধরে আইনি সহায়তা ও মধ্যস্থতায় কাজ করা বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলা হয়েছে। এর ফলে আদালতে নতুন মামলা দায়েরের প্রবণতা কমবে এবং বিচারপ্রার্থীরা দ্রুত সেবা পাবেন।
তিনি জানান, ২০২৬ সালের মার্চ থেকে মে পর্যন্ত দেশের ২০টি জেলায় নির্দিষ্ট কয়েকটি আইনের আওতায় নতুন মামলা দায়েরের হার আগের বছরের একই সময়ের তুলনায় ৬২ শতাংশের বেশি কমেছে। তাঁর মতে, এটি বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রমের ইতিবাচক ফল।
আইনমন্ত্রী আরও বলেন, সরকারের একার পক্ষে মামলার জট নিরসন সম্ভব নয়। তাই প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দীর্ঘদিন ধরে কাজ করা প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা কাজে লাগানো হবে। তিনি বিচার বিভাগকে উপযুক্ত মামলাগুলো মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তিতে আরও উৎসাহ দেওয়ার আহ্বান জানান।
তিনি জানান, সম্পত্তি–সংক্রান্ত দেওয়ানি মামলা কমাতে সরকার ট্রান্সফার অব প্রপার্টি আইন সংশোধনের বিষয়টি বিবেচনা করছে। এতে বাবা–মা জীবদ্দশায় সম্পত্তি হস্তান্তর করলেও ভোগদখলের অধিকার সংরক্ষণ করতে পারবেন, যা পারিবারিক বিরোধ ও অপ্রয়োজনীয় মামলা কমাতে সহায়ক হবে।
সমঝোতা স্মারক অনুযায়ী, ব্লাস্টের সহযোগিতায় ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামে পরীক্ষামূলকভাবে কোর্ট প্যারালিগ্যাল নিয়োগের মাধ্যমে শ্রমিকদের আইনি সহায়তা দেওয়া হবে। অন্যদিকে ব্র্যাকের সেলপ কর্মসূচির মাধ্যমে পেশাদার মধ্যস্থতাকারীদের প্রশিক্ষণ, সনদ প্রদান, সফল মধ্যস্থতার আইনগত স্বীকৃতি এবং যৌথ তদারকি কার্যক্রম পরিচালিত হবে।