শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: BSS
ছবি: BSS

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, কেবল ওষুধ দিয়ে একটি জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়। তিনি বলেন, রোগ নিরাময়ের পাশাপাশি এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে রোগ প্রতিরোধে, আর সেই উদ্যোগ শুরু করতে হবে জন্মের পর থেকেই।

বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম)-এ ২০২৫-২৬ অর্থবছরের গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে শূন্য বয়স থেকেই উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ জরুরি। তিনি চিকিৎসকদের উদ্দেশে বলেন, একজন চিকিৎসকের হাসিমুখ ও সহমর্মিতাপূর্ণ আচরণ একজন রোগীকে অনেকটাই সুস্থ করে তুলতে পারে।

তিনি বলেন, “চিকিৎসা শুধু ট্যাবলেট বা ওষুধ নয়; ভালো ব্যবহার, সঠিক পরামর্শ এবং মানবিক আচরণও চিকিৎসার গুরুত্বপূর্ণ অংশ।”

দেশে ক্যান্সার ও কিডনি রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এসব রোগে আক্রান্তদের দুর্ভোগ অনেক বেশি। তাই রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক পর্যায়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দিতে হবে।

সরদার সাখাওয়াত হোসেন জানান, সরকার সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। খুব শিগগিরই দেশব্যাপী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক প্রাথমিক স্বাস্থ্য ইউনিট গড়ে তোলা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০০ শয্যায় উন্নীত করা এবং মা ও নবজাতকের সমন্বিত স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর প্রসঙ্গ তুলে তিনি বলেন, শিশুদের অপুষ্টি, মাতৃদুগ্ধ না পাওয়া এবং সুষম খাদ্যের অভাব এ ধরনের মৃত্যুর অন্যতম কারণ। এসব প্রতিরোধে পরিবার ও সমাজকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এম. এম. জিয়াউদ্দিন হায়দার বলেন, রোগ প্রতিরোধভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী করতে গবেষণা, কার্যকর রোগী রেফারেল ব্যবস্থা এবং হেলথ কার্ড ব্যবস্থার সমন্বয় জরুরি। এছাড়া স্বাস্থ্য খাতে দক্ষ গবেষক তৈরিতে নিপসম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও তিনি উল্লেখ করেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত