শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও, তিন দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ অব্যাহত রেখেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন শেষে শিক্ষার্থীরা বকশীবাজারে অবস্থিত ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন।

বিকেল পৌনে ৩টার দিকে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়ে তাদের দাবির পক্ষে স্লোগান দেন। এর আগে সকালে তারা রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সেখানে বাধা দেয়। এরপর শিক্ষার্থীরা পলাশী মোড় হয়ে শিক্ষা বোর্ডের সামনে গিয়ে কর্মসূচি চালিয়ে যান।

বিক্ষোভে রাজধানীর সিটি কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মুন্সী আব্দুর রউফ কলেজ, উদয়ন কলেজ, মাইলস্টোন কলেজ, ঢাকা কমার্স কলেজ, ঢাকা ওরিয়েন্টাল কলেজ, হামদর্দ পাবলিক কলেজ, সিদ্ধেশ্বরী কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরেছেন। তাদের দাবিগুলো হলো—

  • বৈরী আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা।
  • ১৩ জুলাই প্রতিকূল আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা।
  • আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

শিক্ষার্থীদের অভিযোগ, টানা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা নেওয়ায় অনেক পরীক্ষার্থী সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি এবং চরম ভোগান্তির মুখে পড়েছেন। এছাড়া তাদের দাবি, সম্পূর্ণ সিলেবাস শেষ না করেই পরীক্ষা নেওয়ায় অনেক শিক্ষার্থী কাঙ্ক্ষিত প্রস্তুতি নিতে পারেননি, যা পরীক্ষার ফলাফলের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও এলাকায় মোতায়েন থাকতে দেখা গেছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত