শাপলা চত্বরের হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: ভিডিও থেকে সংগৃহীত
ছবি: ভিডিও থেকে সংগৃহীত

শাপলা চত্বরের হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম। তিনি জানান, সন্ধ্যা ৬টার দিকে অভিযানে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

এর আগে বুধবার সকালে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আদালতে হাজিরা দেন লতিফ সিদ্দিকী। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, শাপলা চত্বরের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনি ১০ নম্বর আসামি। পুলিশ গ্রেপ্তার না করলে আগামী সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের পরিকল্পনা ছিল বলেও তিনি উল্লেখ করেন।

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গত সোমবার চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার আসামিদের তালিকায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, সামরিক ও পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ৪১ জন রয়েছেন। এর মধ্যে লতিফ সিদ্দিকী ছাড়াও  ডা. দীপু মনি, শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, লেখক শাহরিয়ার কবির, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুসহ মোট ৯ জন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত