রাষ্ট্রপতি নির্বাচন: কারা ভোট দেননি, কী ছিল তাঁদের কারণ

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি:
ছবি:

দীর্ঘ ৩৫ বছর পর ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩৪৯ জন ভোটারের মধ্যে তিনি পেয়েছেন ২৫৫ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী কর্নেল অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শেষে প্রকাশ্যে ব্যালট গণনা করা হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনী কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করেন।

তবে নির্বাচনে মোট ছয়জন সংসদ সদস্য ভোট দেননি। তাঁদের কেউ অসুস্থতার কারণে, কেউ বিদেশে অবস্থান করায়, আবার কেউ রাজনৈতিক বা ব্যক্তিগত সিদ্ধান্তে ভোটগ্রহণ থেকে বিরত ছিলেন।

অসুস্থতার কারণে ভোট দিতে পারবেন না জানিয়ে আগেই ভারপ্রাপ্ত স্পিকারের কাছে চিঠি দেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস এবং চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা।

কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুকও ভোট দেননি। জানা গেছে, তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করায় ভোটগ্রহণে অংশ নিতে পারেননি।

জামায়াতের সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামও ভোট দিতে সংসদে আসেননি। তিনি বর্তমানে দল থেকে বহিষ্কৃত রয়েছেন বলে জানা গেছে।

খেলাফত মজলিসের সংসদ সদস্য আবুল হাসান বিদেশে অবস্থান করায় ভোট দিতে পারেননি। দলটির মহাসচিব আহমদ আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাও ভোটগ্রহণে অংশ নেননি। ভোট না দেওয়ার বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, এই নির্বাচনের ফল আগে থেকেই অনুমান করা যাচ্ছিল বলে তিনি এটিকে প্রকৃত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন মনে করেন না।

অন্যদিকে ইসলামী আন্দোলন শুরুতে জানিয়েছিল, তাদের একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ ভোটদান থেকে বিরত থাকবেন। দলটির দাবি ছিল, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জুলাই সনদে ঐকমত্য হওয়া সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে। তবে পরে জানা যায়, ইসলামী আন্দোলনের ওই সংসদ সদস্য শেষ পর্যন্ত ভোট দিয়েছেন।

উল্লেখ্য, বিএনপির আসলাম চৌধুরীর সংসদ সদস্য পদ আদালতের রায়ে বাতিল হওয়ায় বর্তমান সংসদে সংরক্ষিত নারী আসনসহ রাষ্ট্রপতি নির্বাচনের মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে বা নির্দিষ্ট ক্ষেত্রে দলের বিপক্ষে ভোট দিলে তাঁর সংসদ সদস্য পদ শূন্য হওয়ার বিধান রয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত