রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষকেতু চাকমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে জেলা শহরের হোটেল কসমস এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
একই অভিযানে বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিনকেও গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীনের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হোটেল কসমস ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় হোটেলের পাশের একটি বাড়ি থেকে দুই আওয়ামী লীগ নেতাকে আটক করে থানায় নেওয়া হয়।
তবে তাৎক্ষণিকভাবে তাঁদের বিরুদ্ধে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছেন। তবে কোন মামলায় তাঁদের আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিক তথ্য তাঁর কাছে ছিল না। বিস্তারিত জানতে তিনি কোতোয়ালি থানার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
পরে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টির বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।