মেয়েদের উপবৃত্তি ও স্কুলের মিড-ডে মিল নিয়ে প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: পিএমও
ছবি: পিএমও

ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি কর্মসূচি পুনর্বহাল করা সম্ভব কি না, তা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বৈঠকের বিষয়টি জানান।

বৈঠকে সর্বজনীন উপবৃত্তি চালু করা হলে এর সম্ভাব্য ব্যয়, কতজন শিক্ষার্থী এর আওতায় আসবে, কীভাবে কর্মসূচি বাস্তবায়ন করা হবে এবং এর সামাজিক ও শিক্ষাগত প্রভাব কী হতে পারে—এসব বিষয় বিশ্লেষণ করে একটি বিস্তারিত প্রস্তাব তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে মেয়েদের জন্য আগে চালু থাকা সর্বজনীন উপবৃত্তি কর্মসূচির বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। বিশেষ করে বিদ্যালয়ে মেয়েদের উপস্থিতি বাড়ানো, শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং বাল্যবিবাহ নিরুৎসাহিত করার ক্ষেত্রে এ ধরনের সহায়তার ইতিবাচক প্রভাবের বিষয়টি উঠে আসে।

পাশাপাশি ছেলেদের শিক্ষায় উৎসাহ দিতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের চলমান কার্যক্রম ও শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে ঝরে পড়া রোধে এর ভূমিকা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।

শিক্ষার্থীদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। বিদ্যালয় পর্যায়ে মিড-ডে মিল চালু করার ক্ষেত্রে খাবারের পুষ্টিমান, নিরাপদ খাদ্য প্রস্তুত ও সরবরাহ এবং মান নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা।

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের দেওয়া খাবারের মান নিয়ে কোনো ধরনের আপস না করার নির্দেশ দেন। একই সঙ্গে মিড-ডে মিল বাস্তবায়নে দুটি সম্ভাব্য পদ্ধতির কার্যকারিতা যাচাই করতে পৃথক দুটি জেলায় পাইলট প্রকল্প চালুর নির্দেশ দিয়েছেন তিনি।

পাইলট প্রকল্পে ব্যয়, ব্যবস্থাপনা, স্থানীয় পর্যায়ের অংশগ্রহণ এবং খাবারের মান নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় মূল্যায়ন করা হবে। এর ফলাফলের ভিত্তিতে পরবর্তী সময়ে কার্যকর পদ্ধতি নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে।

এলাকার খবর

সম্পর্কিত