বিএনপির নেতাকর্মীদের জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে জনকল্যাণমূলক ও গঠনমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
রিজভী বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দিয়েছেন। এখন দলের সাংগঠনিক কার্যক্রম সুশৃঙ্খল ও সুন্দরভাবে পরিচালনা করাই তাদের প্রধান দায়িত্ব। দলের চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী চলমান সাংগঠনিক কর্মকাণ্ড যথাযথভাবে সম্পন্ন করার চেষ্টা করা হবে।
তিনি বলেন, জনগণের সমর্থন নিয়ে বিএনপি এখন সরকার পরিচালনার দায়িত্বে রয়েছে। তাই জনগণের স্বার্থ, মানবকল্যাণ, সামাজিক সুরক্ষা ও কাঠামোগত উন্নয়নে সরকারের নেওয়া কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়নে নেতাকর্মীদের ভূমিকা রাখতে হবে। পাশাপাশি এসব কর্মসূচি সম্পর্কে জনগণকে জানাতে এবং তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।
রিজভীর মতে, নেতাকর্মীরা জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত থাকলে অনৈতিক কর্মকাণ্ডের সুযোগ কমে আসবে। তিনি বলেন, সরকারের বিভিন্ন কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কর্মকাণ্ডে যুক্ত হবে না। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা ধরে রাখতে নেতাকর্মীদের কাজ করতে হবে।
দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়েও সতর্ক করেন রিজভী। তিনি বলেন, অতীতেও দলীয় পরিচয় ব্যবহার করে অপকর্মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দলের চেয়ারম্যান কঠোর পদক্ষেপ নিয়েছেন।
‘সুতরাং কেউ অনৈতিক কাজ করবেন না, গঠনমূলক কাজে যুক্ত থাকবেন’— নেতাকর্মীদের উদ্দেশে এমন আহ্বান জানিয়ে রিজভী বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করার মানসিকতা নিয়েই সবাইকে এগিয়ে যেতে হবে।