সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশ আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ইসলামিক দেশগুলোর মধ্যে ভবিষ্যতে কোনো নিরাপত্তা জোট গড়ে উঠলে বাংলাদেশ সেখানে অংশ নেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে দেখছে বলেও জানান তিনি।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মক্কা ডিফেন্স প্যাক্ট নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে কোনো অগ্রগতি হয়েছে কি না—জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন অংশীজন এবং মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও অংশগ্রহণের সুযোগ বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণের কাছে মক্কার আলাদা আবেগ ও গুরুত্ব রয়েছে। তাই মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কোনো ধরনের নিরাপত্তা সহযোগিতা বা ইসলামিক দেশগুলোর সমন্বয়ে নিরাপত্তা চুক্তি হলে বাংলাদেশ তাতে যুক্ত হওয়ার বিষয়টি অস্বাভাবিক হবে না।
তিনি জানান, বিষয়টি বাংলাদেশ ইতিবাচকভাবে বিবেচনা করছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
মক্কা প্রতিরক্ষা চুক্তি কী?
মক্কা ডিফেন্স প্যাক্ট সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত একটি ত্রিদেশীয় প্রতিরক্ষা চুক্তি। গত ৭ আগস্ট মক্কায় চুক্তিটি স্বাক্ষরিত হয়।
চুক্তির মূল বিষয় হলো—তিন দেশের যেকোনো একটি দেশ সশস্ত্র হামলার শিকার হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। ন্যাটোর পারস্পরিক প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে এ ব্যবস্থার কিছুটা মিল রয়েছে।
বাংলাদেশের পক্ষ থেকে এখন পর্যন্ত এ চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের কথা জানানো হয়নি। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যে বিষয়টি নিয়ে ঢাকার আগ্রহের ইঙ্গিত পাওয়া গেছে।