যমজ কন্যাসন্তানের মা-বাবা হলেন আনুশকা-আদিত্য
বলিউড অভিনেতা আদিত্য সিল ও অভিনেত্রী আনুশকা রঞ্জনের সংসারে এসেছে দ্বিগুণ আনন্দ। যমজ কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন এই দম্পতি। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ভক্তদের সুখবরটি জানিয়েছেন আদিত্য। একই সঙ্গে দুই মেয়ের নামও প্রকাশ করেছেন তিনি।
আদিত্য জানান, গত ২৩ আগস্ট তাঁদের যমজ কন্যাসন্তানের জন্ম হয়েছে। দুই মেয়ের নাম রাখা হয়েছে ভীরা রঞ্জন সিল ও মাহি রঞ্জন সিল। এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই শিশুর নামসহ একটি কার্ডও শেয়ার করেন তিনি।
আবেগঘন বার্তায় আদিত্য লেখেন, তাঁদের পরিবারের জীবনে নতুন একটি অধ্যায়ের শুরু হয়েছে। দুই মেয়ের আগমনে তাঁদের জীবন ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরে গেছে বলেও জানান তিনি।
চলতি বছরের মে মাসে প্রথমবার মা-বাবা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন আনুশকা ও আদিত্য। তখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে আনন্দের খবরটি ভাগ করে নেন তাঁরা।
২০২১ সালের নভেম্বরে মুম্বাইয়ে বিয়ে করেন আনুশকা ও আদিত্য। এর আগে ২০১৭ সালের ২৬ জুন তাঁদের প্রথম পরিচয় হয়। আনুশকার পরিচালিত একটি এনজিওর অনুষ্ঠানে তাঁদের দেখা হওয়ার পর ধীরে ধীরে বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
দীর্ঘদিনের সম্পর্কের পর বিয়ের কয়েক বছর পর তাঁদের সংসারে এলো দুই কন্যাসন্তান। নতুন অতিথিদের আগমনে শুভেচ্ছায় ভাসছেন এই বলিউড দম্পতি।