‘অনেক ফ্যাক্টরের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনের সময়’

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেছেন, নির্বাচনের সময় নির্ধারণে বেশ কয়েকটি বিষয় বিবেচনা করতে হবে। নির্বাচন সংশ্লিষ্ট সব পক্ষের প্রস্তুতি শেষ হলেই ভোটের আয়োজন করা হবে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত ‘এক্সিকিউটিভ লিডারশিপ ডায়ালগ’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।

তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে কিছু আইন ও বিধি সংশোধনের কাজ চলছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তাব তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি সরকারের সঙ্গেও বিভিন্ন বিষয়ে আলোচনা করতে হবে।

সিইসি বলেন, নির্বাচন কমিশনের প্রস্তুতির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতিও গুরুত্বপূর্ণ। নির্বাচনের সময় পর্যাপ্ত পুলিশ, বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েনের বিষয়টি নিশ্চিত করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট বাহিনীগুলোর সক্ষমতা ও প্রস্তুতির বিষয়ও বিবেচনায় নেওয়া হচ্ছে।

নির্বাচনের সময় নির্ধারণে আবহাওয়া, বর্ষাকাল, সম্ভাব্য বন্যা, পূজা এবং পাবলিক পরীক্ষার মতো বিষয়গুলো বিবেচনা করা হবে বলে জানান তিনি। সরকারের সঙ্গে পরামর্শ করেই নির্বাচন কমিশন চূড়ান্তভাবে ভোটের দিনক্ষণ নির্ধারণ করবে।

সম্প্রতি পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে বৈঠকের প্রসঙ্গে সিইসি বলেন, স্থানীয় নির্বাচন ঘিরে পুলিশের প্রস্তুতি, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনের সময় কতসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা সম্ভব—এসব বিষয়ে জানতে চাওয়া হয়েছে। পুলিশকে প্রয়োজনীয় কিছু পরামর্শও দেওয়া হয়েছে।

সিইসি আরও বলেন, জাতীয় নির্বাচন যেভাবে সম্পন্ন করা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন তার চেয়ে ভালো করার লক্ষ্য রয়েছে। সবার সহযোগিতা পেলে স্থানীয় নির্বাচনও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিষয়:

নির্বাচন
এলাকার খবর

সম্পর্কিত