মুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার, ভেসে যায় ১০ কিলোমিটার দূরে

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফেনীর পরশুরামে মুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক তরুণের মরদেহ এক দিন পর উদ্ধার করা হয়েছে। রোববার সকালে ফুলগাজী উপজেলার জিএম হাট ইউনিয়নের মধ্যম শ্রীচন্দ্রপুর এলাকা থেকে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত তরুণের নাম মোহাম্মদ সাকিব (২৪)। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে। পরিবার নিয়ে চট্টগ্রাম শহরে বসবাস করলেও কয়েক দিন আগে তিনি পরশুরামের জঙ্গলঘোনা গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসেছিলেন।

স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে দক্ষিণ জঙ্গলঘোনা এলাকায় মুহুরী নদীতে গোসল করতে নেমে একপর্যায়ে সাকিব নিখোঁজ হন। স্বজন ও স্থানীয়রা প্রথমে নিজেদের উদ্যোগে খোঁজাখুঁজি চালালেও পরে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালায়। তবে নদীর তীব্র স্রোতের কারণে শনিবার রাত পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি।

রোববার সকালে ঘটনাস্থল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ফুলগাজী উপজেলার মধ্যম শ্রীচন্দ্রপুর এলাকায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের পরশুরাম স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, নদীর স্রোত বেশি থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হয়েছিল। ডুবুরি দল বিভিন্ন উপায়ে সন্ধান চালালেও প্রথম দিন নিখোঁজ তরুণকে খুঁজে পাওয়া যায়নি।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। যেহেতু নিখোঁজ হওয়ার ঘটনাটি পরশুরাম এলাকায় ঘটেছে, তাই পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত