ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আরও ২৪ ঘণ্টা বাড়াল আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশজুড়ে টানা বৃষ্টির পরিস্থিতি অব্যাহত থাকায় আরও ২৪ ঘণ্টার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে।

সোমবার সকাল ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ভারী বর্ষণের কারণে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়ে ওঠায় নতুন করে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। তাঁর মতে, মঙ্গলবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে। তবে বৃহস্পতিবারের পর আবারও মৌসুমি বায়ু সক্রিয় হলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৭ ঘণ্টায় ঢাকায় ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলেও উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টি হয়েছে।

সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমিল্লায়। একই সময়ে ঢাকায় ১৩ মিলিমিটার, বগুড়ায় ৩৫ মিলিমিটার, সিলেটে ৩২ মিলিমিটার, ময়মনসিংহে ২৩ মিলিমিটার, নওগাঁয় ১৮ মিলিমিটার এবং রংপুরে ১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ বলেন, সোমবার দেশের উত্তরাঞ্চলে তুলনামূলক বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় জনসাধারণকে প্রয়োজন ছাড়া জলাবদ্ধ ও ঝুঁকিপূর্ণ এলাকায় চলাচলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত