ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগের বিষয়টি ইতালীয় কর্তৃপক্ষের কাছে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে বাঁধনকে প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
মঙ্গলবার জাতীয় সংসদে দুই সংসদ সদস্য বাঁধনের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলে জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তিনি মঙ্গলবার বিকেলে বাঁধনের সঙ্গে কথা বলেছেন এবং তাকে সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। স্থানীয় পুলিশ এরই মধ্যে ঘটনাটি নিয়ে ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের দূতাবাস ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরবে। একই সঙ্গে রোমে বাংলাদেশ দূতাবাস ও মিলানে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল বাঁধনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে।
এর আগে সরকারি দলের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেন সংসদে বাঁধনের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তারা হামলার অভিযোগ তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে ইতালীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তিনি সকালে পররাষ্ট্র সচিবের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। বাঁধনকে সর্বোচ্চ কনস্যুলার সহায়তা দেওয়ার পাশাপাশি ইতালীয় পুলিশ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
হুমায়ুন কবিরের ভাষ্য অনুযায়ী, গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বাঁধন তার ভাই, ভাইয়ের স্ত্রী ও চার বছর বয়সী এক শিশুকে নিয়ে ভেনিসের একটি পার্কে হাঁটছিলেন। এ সময় আওয়ামী লীগের স্থগিত কিছু কর্মী ও সমর্থক হিসেবে পরিচিত একটি দলের সদস্যরা তার ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।
তিনি জানান, ঘটনার পর ভেনিস পুলিশ তাৎক্ষণিকভাবে সাড়া দিয়েছে। বাঁধন ইতালীয় পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবেন বলেও জানান প্রতিমন্ত্রী।
সংসদে বক্তব্যে বাঁধনের ঘটনায় সরকারের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন হুমায়ুন কবির। একই সঙ্গে তিনি বলেন, রাষ্ট্রীয় অর্থ লুট ও মানুষ হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে সরকার পদক্ষেপ নেবে।
এ সময় বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, বাংলাদেশ শিগগিরই জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে। এটিকে দেশের জন্য গর্বের বিষয় উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক কূটনীতিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি শক্তিশালী অবস্থানে রয়েছে।
এর আগে সংসদে দেওয়া বক্তব্যে জুলাইয়ের গণঅভ্যুত্থান ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আত্মত্যাগকারীদের এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানান হুমায়ুন কবির।
এদিকে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালির মেস্ত্রে এলাকায় আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচয় দেওয়া কয়েকজন প্রবাসী বাংলাদেশির বিরুদ্ধে তাকে ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা ও হয়রানির অভিযোগ করেছেন।