ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার প্রথমবারের মতো তিনি বঙ্গভবনে এসে রাষ্ট্রপতির কার্যালয়ের কার্যক্রমে অংশ নেন।
সকাল প্রায় ১১টা ১৫ মিনিটে তিনি বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২–এ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে স্বাগত জানায়। পরে পিজিআরের একটি চৌকস দল রাষ্ট্রীয় রীতিনীতি অনুযায়ী তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
আনুষ্ঠানিক অভ্যর্থনা শেষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম ফুল দিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান।
এরপর তিনি রাষ্ট্রপতির কার্যালয়ে গিয়ে সেখানে কর্মরত জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সামরিক সচিব ও জনবিভাগের সচিব বঙ্গভবনের প্রশাসনিক ও দাপ্তরিক বিভিন্ন বিষয় সম্পর্কে তাঁকে অবহিত করেন।
দায়িত্ব গ্রহণের পর এটি ছিল বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম আনুষ্ঠানিক কর্মদিবস।