প্রধানমন্ত্রী তারেক রহমানকে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর ৭৮০ কেজি আনারস উপহার

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা ৭৮০ কেজি কিউ জাতের আনারস পাঠিয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ৬২০টি আনারস বাংলাদেশে পৌঁছায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১০০টি বক্সে করে পাঠানো এসব আনারসের প্রতিটি বক্সে পাঁচ থেকে ছয়টি করে ফল রয়েছে। প্রতিটি আনারসের গড় ওজন এক কেজির বেশি।

আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্টের জিরো পয়েন্টে আনুষ্ঠানিকভাবে আনারস গ্রহণ করেন চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের অ্যাসিস্ট্যান্ট কনসুলার কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাস, কর্মকর্তা সজীব চক্রবর্তী, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনের ইনচার্জ মো. আলাউদ্দিন এবং আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

এ সময় ত্রিপুরা সরকারের পক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, পরিচালক ড. ফনি ভূষণ জমাতিয়া, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের উপদেষ্টা ড. রাজিব ঘোষ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তারা। পরে উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা আনারসের বক্স ও প্রয়োজনীয় কাগজপত্র ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন।

ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ককে আরও সুদৃঢ় করা এবং দ্বিপক্ষীয় বাণিজ্যিক সহযোগিতা জোরদারের প্রত্যাশা থেকেই ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য কিউ জাতের আনারস পাঠানো হয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত