প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত হওয়া ছাদেকুর রহমান পেলেন যুগ্মসচিব পদে পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: ফাইল ফটো
ছবি: ফাইল ফটো

কোরবানির পশুর বর্জ্য অপসারণে অবহেলার অভিযোগে প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত হওয়া কর্মকর্তা ছাদেকুর রহমান বিভাগীয় তদন্ত চলাকালেই পদোন্নতি পেয়েছেন। বৃহস্পতিবার প্রকাশিত প্রজ্ঞাপনে উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি পাওয়া ১৭৯ কর্মকর্তার তালিকায় ৬৭ নম্বরে রয়েছে তাঁর নাম।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তে বর্জ্য অপসারণে ছাদেকুর রহমানের সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে বর্তমানে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ২৮ মে ঈদুল আজহার পরদিন রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী। হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজারসহ কয়েকটি এলাকায় পশুর বর্জ্য ও আগের জমে থাকা ময়লা দেখতে পেয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন।

এরপর প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয় এবং দায়িত্বে অবহেলার অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

পরে দায়িত্বে অবহেলার অভিযোগে বরখাস্ত করা হয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজিরকে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণের জন্য আগেই ঢাকার দুই সিটি করপোরেশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে পরিদর্শনে অনিয়ম ধরা পড়ার পর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। তদন্ত শেষে অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার পরই ছাদেকুর রহমানকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত