প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ সংরক্ষণ এবং প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তাঁর নেতৃত্বে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার কার্যক্রম চলছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুরের সখিপুরের হাবিব উল্যাহ ডিগ্রি কলেজ মাঠে হাবিব উল্যাহ চোকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমিনুল হক।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ভলিবল, টেনিসসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন হচ্ছে। এসব আয়োজনে দর্শকদের ব্যাপক উপস্থিতি বাংলাদেশের খেলাধুলার প্রতি মানুষের আগ্রহের বিষয়টি তুলে ধরে।

তিনি বলেন, দেশে মোট ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন রয়েছে। প্রতিটি ইউনিয়নে একটি করে মাঠ সংরক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে খেলাধুলার সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রমও চলমান রয়েছে।

আমিনুল হক বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার জন্য ইতিমধ্যে বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে। রাজধানী ও বড় শহরের পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান তরুণদেরও জাতীয় পর্যায়ে খেলার সুযোগ তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। পাশাপাশি তরুণদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হলে তাঁদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ গড়ে উঠবে।

আমিনুল হক বলেন, খেলাধুলা ও সংস্কৃতিচর্চার মাধ্যমে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজের দিকে এগিয়ে নেওয়া সম্ভব। এ লক্ষ্যেই সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনে কাজ করা হচ্ছে।

অনুষ্ঠানে সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ ও সাঈদ আহমেদ আসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত