পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্য এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে পরিকল্পনা মন্ত্রণালয় ও এর অধীন বিভাগগুলোর কার্যক্রম সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়।

বৈঠকে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্পগুলোর বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সংশ্লিষ্ট কার্যক্রমে সংসদীয় কমিটির ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।

কমিটির সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রকল্পগুলোর যথাযথ বাস্তবায়নে স্থায়ী কমিটির তৎপরতা গুরুত্বপূর্ণ। সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে মন্ত্রণালয়কে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন বলেন, জনগণের কাছে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে স্থায়ী কমিটি তার দায়িত্ব যথাযথভাবে পালন করবে।

বৈঠকে কমিটির সদস্যদের মধ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, কাজী রফিকুল ইসলাম, মঈনুল ইসলাম খান, ফখরুল ইসলাম, শওকতুল ইসলাম, ফরিদা ইয়াসমিন, সাইফুল আলম এবং রাশেদুল ইসলাম রাশেদ উপস্থিত ছিলেন।

এ ছাড়া পরিকল্পনা কমিশনের সদস্য, পরিকল্পনা বিভাগ এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা, পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

এলাকার খবর

সম্পর্কিত