প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতারা। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের বস্ত্রশিল্পের বর্তমান অবস্থা, রপ্তানি বৃদ্ধি এবং শিল্প খাতের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বিটিএমএর প্রতিনিধিরা দেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো, উৎপাদন ব্যয় কমানো এবং শিল্পের টেকসই বিকাশ নিশ্চিত করতে সরকারের নীতিগত ও প্রশাসনিক সহায়তা কামনা করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বস্ত্রশিল্পকে দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান খাত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এ খাতের উন্নয়নে সরকার প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।
বৈঠকে শিল্প খাতের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের লক্ষ্যে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জানিয়েছেন। কমিটিকে শিল্প উদ্যোক্তাদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার দায়িত্ব দেওয়া হবে।
সাক্ষাতে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল, সহ-সভাপতি শামীম ইসলাম, সাবেক সভাপতি এ. মতিন চৌধুরী, সাবেক পরিচালক সৈয়দ এনায়েত কবির, ইঞ্জিনিয়ার রাজীব হায়দার, পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব, বাদশা মিয়া এবং বিভিন্ন শীর্ষস্থানীয় টেক্সটাইল ও শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।