কুমিল্লায় অপ্রতিম হত্যায় চারজন গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।

তিনি বলেন, অপ্রতিম নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টার মধ্যে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে প্রথমে তিনজন এবং পরে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজনের বয়স ১৮ বছরের বেশি এবং একজনের বয়স ১৮ বছরের কম হতে পারে। তাদের বয়স ও পরিচয় নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্র যাচাই করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অপ্রতিমের সঙ্গে থাকা মোবাইল ফোনটি প্রধান সন্দেহভাজন তুহিনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য আলামতও উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই এবং অন্যান্য আইনগত প্রক্রিয়া চলছে। পুলিশের পক্ষ থেকে ফরেনসিক পরীক্ষা ও ময়নাতদন্তের কার্যক্রমও সম্পন্ন করা হয়েছে।

পুলিশের দ্রুত অভিযানের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিখোঁজ হওয়ার পর অল্প সময়ের মধ্যেই সন্দেহভাজনদের গ্রেপ্তার এবং বিভিন্ন আলামত উদ্ধারে পুলিশ সক্ষম হয়েছে।

তিনি আরও বলেন, তদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষ করে আদালতে অভিযোগপত্র দেওয়া হবে। এরপর আদালতের মাধ্যমে মামলার বিচার কার্যক্রম এগিয়ে যাবে। দ্রুত বিচার সম্পন্নের আশা প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব ধরনের আইনগত সহযোগিতা দেওয়ার কথা জানান।

এলাকার খবর

সম্পর্কিত