জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে স্বচ্ছ তদন্তের মাধ্যমে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি উত্থাপন করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। তিনি হামলার বিচার দাবি করে বলেন, সরকারি দলের মতো বিরোধী দলেরও শান্তিপূর্ণভাবে সমাবেশ করার সাংবিধানিক অধিকার রয়েছে।
আখতার হোসেন বলেন, জুলাই পদযাত্রার অংশ হিসেবে সোমবার সাভারে আয়োজিত এনসিপির সমাবেশে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। মঞ্চে ওঠার আগে হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। পরে বক্তব্য চলাকালে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে, যাতে অনেকেই আহত ও রক্তাক্ত হন।
তিনি প্রশ্ন তোলেন, সমাবেশ চলাকালে কেন বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল এবং এ বিষয়ে সরকারের জবাবদিহিতা দাবি করেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, জুলাইয়ের ‘পতিত শক্তি’ বিভিন্নভাবে এনসিপির কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করছে। এর আগে দলটির কার্যালয়ের সামনেও ককটেল হামলার ঘটনা ঘটেছিল বলে উল্লেখ করেন তিনি।
বিষয়টি উত্থাপনের পর স্পিকার আখতার হোসেনকে এ বিষয়ে লিখিত নোটিশ দেওয়ার পরামর্শ দেন। এ সময় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বক্তব্য দেওয়ার সুযোগ চাইলে স্পিকার বলেন, বিষয়টি মূলত স্বরাষ্ট্রমন্ত্রীর এখতিয়ারভুক্ত।
এর জবাবে আইনমন্ত্রী বলেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য দিতে চান। তিনি বলেন, এনসিপির সদস্যসচিব যে বিষয়টি সংসদে উত্থাপন করেছেন, সরকার সেটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
আইনমন্ত্রী আরও বলেন, “ঘটনার সঙ্গে যদি কেউ জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী যতটা সম্ভব স্বচ্ছ ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”