আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন আমলে নিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ছবি: সংগৃহীত
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ছবি: সংগৃহীত

বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক প্রতিবেদনের বক্তব্যকে ‘অনুমাননির্ভর’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার এখনো প্রতিবেদনটি আমলে নিচ্ছে না। তিনি নিজেও প্রতিবেদনটি পড়েননি বলে জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পত্রিকায় প্রকাশিত তথ্য থেকে তিনি যতটুকু জেনেছেন, প্রতিবেদনে কিছু পর্যবেক্ষণ থাকতে পারে। তবে সেখানে বাংলাদেশ নিয়ে যেসব কথা বলা হয়েছে, সেগুলো অনুমানের ভিত্তিতে বলা হয়েছে। তাই অনুমাননির্ভর প্রতিবেদনের ভিত্তিতে সরকার কোনো প্রতিক্রিয়া দিতে পারে না।

বাংলাদেশে একিউআইএসের সেল নিয়ে জাতিসংঘের উদ্বেগ

কয়েক দিন আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিম প্রকাশিত এক প্রতিবেদনে আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউআইএস) নিয়ে নতুন তথ্য তুলে ধরা হয়।

১০ আগস্ট প্রকাশিত ওই প্রতিবেদনে ২০২৫ সালের ১৬ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৯ জুন পর্যন্ত সময়ের পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। সদস্যরাষ্ট্রগুলোর মূল্যায়নের ভিত্তিতে তৈরি প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে আল-কায়েদার অবস্থান ও সক্ষমতা এখনো অপরিবর্তিত রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, একিউআইএস বড় সাংগঠনিক ইউনিটের পরিবর্তে ছোট ও বিচ্ছিন্ন সেল তৈরি করে রসদ ও অর্থায়নের নেটওয়ার্ক গড়ে তুলছে। বাংলাদেশেও এ ধরনের সেল প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের পর্যবেক্ষক দল।

বাংলাদেশকে ব্যবহারের চেষ্টা করছে একিউআইএস

প্রতিবেদনে একিউআইএসের কর্মকাণ্ডের উদাহরণ হিসেবে দিল্লির লাল কেল্লায় হামলার প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে। গত বছরের নভেম্বরের ওই হামলার জন্য আনুষ্ঠানিকভাবে সংগঠনটিকে দায়ী করা হয়।

এরই ধারাবাহিকতায় প্রতিবেদনের একটি অংশে বাংলাদেশে একিউআইএসের ছোট সাংগঠনিক ইউনিট বা সেল প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সংগঠনটি নিজেদের স্বার্থে বাংলাদেশকে ব্যবহারের চেষ্টা করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আফগানিস্তানে আল-কায়েদার নেতৃত্ব

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, একিউআইএসের শীর্ষ নেতৃত্বের সদস্যরা আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থান করছেন। তাঁদের তালেবান সরকারের দেওয়া তাজকিরা বা পরিচয়পত্র রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ থেকে তালেবান ও একিউআইএসের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার সম্পর্ক থাকার ইঙ্গিত পাওয়া যায় বলে পর্যবেক্ষক দলটি মনে করছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দক্ষিণ ও মধ্য এশিয়ায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তপারের হামলা অব্যাহত থাকায় আঞ্চলিক উত্তেজনা রয়েছে। তালেবান সরকার তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) সমর্থন দিয়ে যাচ্ছে বলেও সদস্যরাষ্ট্রগুলোর মূল্যায়নে উঠে এসেছে।

তবে তালেবান প্রকাশ্যে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছে। জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর আশঙ্কা, পাকিস্তান-আফগানিস্তান সংঘাত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে এবং এর ফলে পুরো অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি আরও বাড়তে পারে।

এলাকার খবর

সম্পর্কিত